রাজধানীর শাহবাগে সংঘর্ষের ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে শুয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। তিনি বলেন, ছাত্রলীগও কখনও এভাবে পেটায়নি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর শাহবাগ থানার সামনে এই হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি এই মন্তব্য করেন।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আপত্তিকর ছবি ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ ঘটনার প্রতিবাদ জানাতে এবং আইনি ব্যবস্থা নিতে জুবায়ের ও ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ থানায় গেলে হামলার শিকার হন।
অভিযোগ উঠেছে, ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎ করে তাদের ওপর হামলা চালায়। এতে জুবায়ের ও মুসাদ্দিক গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাদের থানার ভেতরে নিয়ে গিয়ে আশ্রয় দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একপর্যায়ে শাহবাগ থানার ভেতরেও হামলার অভিযোগ ওঠে।
থানা প্রাঙ্গণের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ একটি দল সেখানে অবস্থান নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এক ঘণ্টার বেশি সময় থানার ভেতরে অবস্থান করার পর পুলিশ তাদের নিরাপদে বের করে আনে।
পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে জুবায়েরের এমন মন্তব্য নতুন করে ছাত্র রাজনীতির উত্তেজনা ও দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে।
ঘটনার পর থেকে শাহবাগ এলাকা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আরটিভি/জেএমএ



